'ইরান-আমেরিকা ক্লান্ত, কিন্তু নিজেদের...', প্রাক্তন কূটনীতিকের কথায়...
২৭ এপ্রিল, ২০২৬

<p><strong>নয়াদিল্লি :</strong> পশ্চিম এশিয়ায় অশান্তি অব্যাহত। যুদ্ধ শেষ করা ও হরমুজ প্রণালী স্বাভাবিক করার লক্ষে নতুন করে আমেরিকাকে প্রস্তাব পাঠিয়েছে ইরান। এদিকে আমেরিকার তরফেও এই দ্বন্দ্ব মেটানোর উদ্যোগ দেখা গেছে আগে। এই আবহে 'উভয় দেশই ক্লান্ত, তবে নিজেদের বিজয়ী হিসাবে তুলে ধরতে চাইছে' বলে মনে করছেন প্রাক্তন সিনিয়র কূটনীতিক সুরেন্দ্র কুমার।</p> <p>ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘাচির একাধিক দেশে ভ্রমণ প্রেক্ষাপটে সংবাদ সংস্থা এএনআইকে প্রাক্তন সিনিয়র কূটনীতিক বলেন, "ব্যক্তিগতভাবে আমি মনে করি, উভয় পক্ষই ক্লান্ত এবং সত্যিই একটা চুক্তিতে পৌঁছাতে চায়। তবে, উভয় পক্ষই তাদের নিজ নিজ জায়গার মানুষের কাছে এটাও তুলে ধরতে চায় যে, তারা চাপের কাছে নতি স্বীকার করেনি এবং নিজেদের জাতীয় স্বার্থ রক্ষা করেছে। ইরানের বিদেশমন্ত্রীর ইসলামাবাদ থেকে দোহা এবং এখন মস্কো পর্যন্ত ব্যাপক ভ্রমণ এটাই ইঙ্গিত দেয় যে, ইরানিরা বিষয়টি নিয়ে আন্তরিক। জনসমক্ষে বাগাড়ম্বর সত্ত্বেও, তারা নিজেদের সীমাবদ্ধতা উপলব্ধি করছে। তারা ব্যাপক ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে এবং এই অবরোধের ফলে তাদের আয় পুরোপুরি বন্ধ হয়ে যাবে।"</p>
Source: abplive